বেলকুচিতে নির্বাচন থেকে সরে দাঁড়ানো নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে পৌর নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাজি আলতাফ হোসেনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছ থেকে অর্থ গ্রহণ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানো এবং বেলকুচিতে বিএনপির নতুন আহ্বায়ক কমিটিতে ত্যাগী ও প্রবীণদের বাদ দিয়ে কমিটি গঠন করায় বেলকুচি উপজেলা ও পৌর শাখা বিএনপি সংবাদ সম্মেলন করেছে। শনিবার সকালে বেলকুচি মডেল ডিগ্রি কলেজে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা এ অভিযাগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক আমীরুল ইসলাম খান আলীমের মাধ্যমে হাজি আলতাফ হোসেন প্রামাণিক, উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন ও বিএনপি নেতা মজনু খানের যোগসাজসে বিএনপির কেদ্রীয় কমিটি থেকে মনোনয়ন নেন। পরবর্তীকালে ৩০ লাখ টাকার বিনিময়ে ইছাকৃতভাবে মনোনয়নপত্র ভুল করে নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। পরে তিনি আপিল পর্যন্ত করেননি। এটি পূর্বপরিকল্পিত এবং বেলকুচিতে বিএনপির নতুন আহ্বায়ক কমিটিতে ত্যাগী ও প্রবীণদের বাদ দিয়ে কমিটি গঠন করায় দলের ভাবমূর্তি নষ্ট ও শৃঙ্খলা ভঙ্গ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম, হাফিজুর রহমান, হেলাল উদ্দিন প্রামাণিক, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম-আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন কিবরিয়া, উপজলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান প্রমুখ।