আট মাসের মধ্যে সর্বনিম্ন শনাক্ত

ইউরোপ-আমেরিকায় শীতে রোগীর সংখ্যা বেড়ে গেলেও বাংলাদেশে দিনে শনাক্ত রোগী কম দেখা যাচ্ছে। শুক্রবার হাজারের নিচে রোগী শনাক্তের কথা জানানোর এক দিন পর সেই সংখ্যা ৬০০-এর ঘরে নেমে এলো। দেশে করোনা ভাইরাসে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬৮৪ জন রোগী শনাক্ত হয়েছে, যা দিনের হিসাবে আট মাসের মধ্যে সর্বনিম্ন। শনিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর করোনা ভাইরাস সংক্রমণের সর্বশেষ এই তথ্য জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় এর চেয়ে কম রোগী সর্বশেষ শনাক্ত হয়েছিল গত ৯ মে, সেদিন ৬৩৬ জন আক্রান্ত হওয়ার খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তারপর থেকে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছিল। এর মধ্যে গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা    এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

গত এক দিনে মারা যাওয়া ২৩ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৫৯৯। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ৯৬৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৫৯ হাজার ৬২০ জন হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত ৬৮৪ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ১৫ হাজার ১৮৪। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে নমুনা পরীক্ষা প্রায় ৭ শতাংশ কমেছে। তার সঙ্গে শনাক্ত রোগী ১৭ শতাংশ কমেছে। এই সময়ে মৃত্যু কমেছে ৮ শতাংশ, আবার সুস্থতার হারও কমেছে সাড়ে ৩৮ শতাংশ।