সোলেইমানির হত্যার বর্ষপূর্তি

পারস্য উপসাগরে ইরান-যুক্তরাষ্ট্র সামরিক উত্তেজনা

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ব্রিগেডের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার প্রথম বর্ষপূর্তি আজ পালিত হচ্ছে। এই বর্ষপূর্তিকে কেন্দ্র করে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা বেড়েছে। খবর সিএনএনের

ইরান-যুক্তরাষ্ট্র সামরিক উত্তেজনা এমন সময় বেড়েছে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে আর মাত্র ১৭ দিন আছেন ডোনাল্ড ট্রাম্প। এরপর ক্ষমতায় আসছেন জো বাইডেন যিনি ইরানের সঙ্গে করা আন্তর্জাতিক পরমাণু চুক্তিতে ফিরে আসার অঙ্গীকার করেছিলেন। ইরান              জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে গত বৃহস্পতিবার একটি আবেদন করেছে। এই আবেদনে ইরান পারস্য ও ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রকে সামরিক অভিযান পরিচালনা থেকে বিরত থাকতে জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়েছে। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রবাহী বোমারু বিমান পাঠানোরও তীব্র নিন্দা জানিয়েছে। তেহরান জানিয়েছে, তারা সংঘাত চাই না। কিন্তু নিজেদের সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে অঙ্গীকারবদ্ধ ইরান সরকার। সাম্প্রতিক গোয়েন্দা তথ্য সম্পর্কে জানিয়ে মার্কিন কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন, ইরান গত ৪৮ ঘণ্টায় পারস্য উপসাগরে সামরিক কার্যক্রম দ্রুত বাড়িয়েছে। চলতি সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছিলেন, ইরান স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরাকে।

ইরানের কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি শুক্রবার বলেছেন, আমেরিকার ভেতর থেকেই হয়তো কেউ এই ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলেইমানি হত্যার প্রতিশোধ নেবে। আর আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, শত্রুদের প্রতিটি পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে।

সিএনএন জানিয়েছে, দুই দেশের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর ঐ অঞ্চলে সামরিক কার্যলাপ বেড়েছে। গত সপ্তাহে ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে রকেট বিস্ফোরণের ঘটনায় ইরানকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, হামলায় কোনো মার্কিন নাগরিক নিহত হলে ইরানে পালটা আঘাত চালানো হবে।

ইসরাইলি মিডিয়া সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ট্রাম্প ক্ষমতা ছাড়ার আগেই ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে যুক্তরাষ্ট্রের কাছে লবিং করছে সৌদি আরব ও ইসরাইল। প্রেসিডেন্ট ট্রাম্পও ইরানে হামলার সুযোগ আছে কি না, সেই বিষয়ে ওভাল অফিসে এক বৈঠকে আলোচনা করেছেন।