ক্ষমতা ছাড়ার শেষ সময়ে এসে বড় ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভেটো অগ্রাহ্য করে প্রতিরক্ষা বিলটি আইনে পরিণত করার অনুমোদন দিয়েছে রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেট। প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদে তার ভেটো উপেক্ষা করার এটাই প্রথম ঘটনা। এর আগে বিভিন্ন বিলে আটবার ভেটো দিয়েছিলেন ট্রাম্প। প্রত্যেকবারই তার ভেটো টিকে যায়। খবর :সিএনএন ও বিবিসির।
গত ডিসেম্বরে ৭৪ হাজার কোটি মার্কিন ডলারের (৬২ লাখ ৯০ হাজার কোটি টাকা) প্রতিরক্ষা ব্যয় বিলটি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় কংগ্রেসে পাশ হয়। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প বিলে সই না করে ভেটো দেন। নিয়ম হলো, কংগ্রেসের দুই কক্ষে কোনো বিল পাশ হওয়ার পরে তা প্রেসিডেন্টের সইয়ের জন্য পাঠানো হয়। প্রেসিডেন্ট সই না করলে সেটি আবার কংগ্রেসে পাঠানো হয়। আইনপ্রণেতারা চাইলে বিলটিতে পরিবর্তন আনতে পারেন। নয়তো দুই কক্ষে ভোটের মাধ্যমে প্রেসিডেন্টের ভেটো অগ্রাহ্য করে বিলটি আইনে পরিণত করতে পারেন। সেক্ষেত্রে কংগ্রেসের দুই কক্ষেই দুই-তৃতীয়াংশ সদস্যের ভোট লাগে।
প্রতিরক্ষা ব্যয় বিলে ট্রাম্পের ভেটো অগ্রাহ্য করার পক্ষে গত সোমবার মত দেয় মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। ঐ ভোটে হাউজের দুই-তৃতীয়াংশের বেশি আইনপ্রণেতা সমর্থন দেন। এর মধ্যে ১০৯ জন রিপাবলিকান আইনপ্রণেতা। এরপর শুক্রবার নববর্ষের দিনে সিনেটে বিরল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিতর্কের পর ট্রাম্পের ভেটোর ওপর ভোটাভুটি হয়। রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে ট্রাম্পের ভেটো অগ্রাহ্য করে ন্যাশনাল ডিফেন্স অথোরাইজেশন অ্যাক্ট (এনডিএএ) বিলটি আইনে পরিণত করার পক্ষে ৮১ ভোট পড়েছে। আর বিপক্ষে পড়েছে ১৩ ভোট। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদের শেষদিকে এসে রিপাবলিকান দলের ভেতর বিভক্তির বিষয়টি প্রকাশ পাচ্ছে। একই সঙ্গে দলে ট্রাম্পের প্রভাব কমেছে সেটা বোঝা যাচ্ছে।
সিনেটে বিল নিয়ে বিতর্কে রিপাবলিকান নেতা মিচ ম্যাককোনেল বলেন, বিলটি আইনে পরিণত করাতে আমি বদ্ধপরিকর। প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলসি বলেন, প্রেসিডেন্টের ভেটো বিস্ময়কর রকম বেপরোয়া আচরণ। যেটা সেনাবাহিনীর ক্ষতি করবে, নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে। প্রতিরক্ষা ব্যয় বিলে আফগানিস্তান ও ইউরোপ থেকে সেনা সরানোর ওপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যা ট্রাম্পের পছন্দ ছিল না। এছাড়া বেশ কয়েকটি বিষয়ে ট্রাম্প আপত্তির কথা তিনি জানিয়েছিলেন।
এদিকে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স যেন কংগ্রেসে জো বাইডেনের জয় আনুষ্ঠানিক প্রত্যয়ন না করেন সেজন্য করা একটি মামলা খারিজ করে দিয়েছে টেক্সাসের আদালত। মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্য লুই গোমার্ট পেন্সকে নিবৃত্ত করার জন্য এই মামলাটি করেন। বৃহস্পতিবার পেন্সের আইনজীবীরা মামলাটি খারিজ করে দেওয়ার আবেদন করেন।
উল্লেখ্য, ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ইলেকটোরাল কলেজ ভোট গণনা করে বাইডেনকে আনুষ্ঠানিক জয়ী ঘোষণা করবে। শেষ চেষ্টা হিসেবে ১৪০ জনের বেশি রিপাবলিকান আইনপ্রণেতা কংগ্রেসে বাইডেনের জয় আটকাতে চেষ্টা চালাবেন বলে জানা গেছে। তবে বিশ্লেষকরা বলছেন, কংগ্রেসে কিংবা বাইরে কোনো বিশৃঙ্খলায় বাইডেনের জয় ঘোষণা কিছুটা বিলম্বিত হবে, কিন্তু ফলের পরিবর্তন হবে না। ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন জো বাইডেন।