চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে সংঘটিত এ ঘটনায় দোকানের ভেতরে ঘুমন্ত অবস্থায় দোকানমালিক সৈয়দ আহমদ বাদশা (৬০) অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এ সময় ছয় দোকানের মালামাল পুড়ে গিয়ে প্রায় ৩৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকানমালিকরা জানিয়েছেন।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছয় দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসার আগেই ছয় দোকানের সর্বস্ব পুড়ে যায়। এ সময় দোকানের ভেতরে থাকা কাথরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাইমাঝি পাড়া এলাকার মৃত রফিক আহমদের পুত্র সৈয়দ আহমদ বাদশা অগ্নিদগ্ধ হয়ে মারা যান। ক্ষতিগ্রস্ত অন্য দোকানিরা হলেন—বাবুল আবছার, আজিজ আহমদ, নুরুল আবছার, ছা?বের আহমদ ও এয়াকুব নবী।
গতকাল শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। এ সময় তিনি মৃত্যুবরণকারী ব্যক্তির পরিবারকে ২০ হাজার টাকা নগদ অর্থসহায়তা প্রদান করেন। অপর দিকে কাথরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান চৌধুরীর পক্ষ থেকে তার পরিবারকে ১০ হাজার টাকা অর্থসহায়তা প্রদান করা হয়।