অস্ত্র মামলায় ১৪ বছর কারাভোগ শেষে গত জুলাইতে মুক্তি পাওয়ার পর থেকে চার জনকে কুপিয়েছে বরিশালের হিজলা উপজেলার দুর্ধর্ষ সন্ত্রাসী নুরু বাবুর্চি ওরফে নুরু ডাকাত। এ ঘটনায় নুরু বাবুর্চি ওরফে নুরু ডাকাত এবং তার তিন ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে হিজলার সীমানাসংলগ্ন মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক গ্রাম থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। তার তিন ছেলে হলো এনামুল বাবুর্চি (২১), ইমরান বাবুর্চি (১৯) ও এহসান বাবুর্চি (১৬)।
জানা যায়, জেল থেকে বের হওয়ার তিন মাসের মাথায় আপন ভাই দুলাল বাবুর্চি ও তার স্ত্রী নিলফা বেগম, চাচাত ভাই কাঞ্চন বাবুর্চিকে কুপিয়ে আহত করেন নুরু বাবুর্চি। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর কাঞ্চন বাবুর্চির ছেলে শহীদ বাবুর্চিকে নির্মমভাবে কুপিয়ে আহত করে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। নুরু বাবুর্চি হিজলার উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের হাশেম বাবুর্চির ছেলে। নুরু যাদের কুপিয়েছে তাদের প্রত্যেককে পঙ্গু করে দিয়েছে। এতে হিজলার গুয়াবাড়িয়া এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান তালুকদার জানান, নুরু বাবুর্চি ভয়ংকর সন্ত্রাসী। একটি অস্ত্র মামলায় ১৪ বছর কারাভোগ করে গতবছর জুলাইতে মুক্তি পায়। এরপর থেকে সে চার জনকে কুপিয়ে আহত করে। এতে ঐ এলাকায় এক আতঙ্কের নাম ‘ নুরু বাবুর্চি’।
হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, নুরু বাবুর্চির সঙ্গে তার তিন ছেলে এনামুল, ইমরান ও এহসানকে গ্রেফতার করা হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে প্রতিপক্ষের ওপর হামলার প্রতিটি ঘটনায় নুরুর সঙ্গে তার তিন ছেলেও অংশ নিত। নুরু বাবুর্চিকে জিজ্ঞাসাবাদ চলছে। আজ রবিবার তাকে আদালতে পাঠানো হবে। নুরু বাবুর্চির বিরুদ্ধে একটি গণধর্ষণসহ হিজলা থানায় মোট ছয়টি মামলা চলমান।