আফ্রিকার দেশ নাইজারের দুটি গ্রামে জঙ্গি হামলায় অন্তত ৭৯ জন নিহত হয়েছেন । রোববার দেশটির নিরাপত্তা কর্মীদের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের এ তিবেদনে বলা হয়, চোমবাঙ্গু গ্রামে নিহত হয়েছেন অন্তত ৪৯ জন। আহত হয়েছেন ১৭ জন। অন্যদিকে জারোমদারে গ্রামে হামলায় আরও ৩০ জন নিহত হয়েছেন। এই দুটি গ্রাম দেশটির পশ্চিমে মালি সীমান্তের কাছে অবস্থিত। ২০১৭ সাল থেকেই ওই অঞ্চলে জরুরি অবস্থা চলছে।
নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী আলকাছে আলহাদা জানান, নারকীয় এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
এদিকে শনিবার ফ্রান্স জানিয়েছে, মালিতে নিযুক্ত তাদের দুইজন সেনা নিহত হয়েছেন। এর কয়েক ঘণ্টা আগে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট একটি গোষ্ঠী দাবি করে, সোমবার মালিতে পৃথক আরেকটি হামলায় তিন ফরাসি সেনা নিহতের পেছনে তাদের হাত রয়েছে।
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ‘আল কায়েদা’ এবং ‘ইসলামিক স্টেট (আইএস)’ এর জঙ্গিরা প্রায়ই হামলা চালায়। দেশটির অবস্থানগত কারণের জন্যই এই ঘটনা ঘটে বলে দাবি বিশেষজ্ঞদের। নাইজার-মালি বা নাইজার-বুরকিনা ফাসো সীমান্তে হামলা চালায় আল কায়দা বা আইএসআইএসের মতো জঙ্গি সংগঠন। অন্যদিকে নাইজেরিয়া সীমান্ত সংলগ্ন এলাকায় হামলা চালায় বোকো হারাম জঙ্গিরা। এর ফলে নাইজারের সাধারণ মানুষের জীবন ক্রমশ দুর্বিষহ হয়ে উঠেছে।
ইত্তেফাক/এআর