হালকা প্রকৌশল খাতের জন্য পৃথক নীতিমালা হচ্ছে

জাতীয় অর্থনীতিতে দেশীয় হালকা প্রকৌশল শিল্পের অবদান শক্তিশালী করার লক্ষ্যে ‘লাইট ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট পলিসি’ প্রণয়নের কাজ দ্রুত এগিয়ে চলছে। এ খাতের সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়ে শিগিগরই নীতিমালাটি চূড়ান্ত করা হবে। গতকাল শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে হালকা প্রকৌশল শিল্পখাত বিকাশে শিল্প মন্ত্রণালয় কর্তৃক চিহ্নিত কার্যক্রমসমূহ বাস্তবায়ন অগ্রগতির বিষয়ক এক ভার্চুয়াল আলোচনা সভায় এ কথা জানানো হয়। শিল্পসচিব কে এম আলী আজমের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। 

সভায় জানানো হয়, করোনার কারণে ক্ষতিগ্রস্ত লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পসহ অন্যান্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য প্রণোদনা নিশ্চিত করতে এ সংক্রান্ত একটি তালিকা বাংলাদেশ ব্যাংকের প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সময় শিল্পসচিব হালকা প্রকৌশল শিল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিসিকে নতুন সেল গঠন এবং পুরান ঢাকার ধোলাইরপাড়ে এই শিল্পে কর্মরত প্রকৌশলী ও শ্রমিকদের জন্য বিটাকের উদ্যোগে মাস্টার ট্রেইনার তৈরিতে নির্দেশনা প্রদান করেন।