মাগুরায় দুই দিনব্যাপী বাউল উত্সব অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে মাগুরা শহরের দোয়াড়পাড় কোকিল কুঞ্জে দুই দিনব্যাপী এ অনুষ্ঠান শুরু হয়ে রবিবার বিকালে শেষ হয়। বিশিষ্ট লালন সাধক ফকির মনোরঞ্জন সাইজির ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার ছেলে অধ্যক্ষ তপন কুমার বসু এ অনুষ্ঠানের আয়োজন করেন। উত্সবে বাউল ও লালনগীতি পরিবেশন করেন প্রখ্যাত বাউল বিমল সাইজি, আইয়ুব সাইজি, নূর আলী, তমাল তনু বসু প্রমুখ লালন শিল্পীরা। উত্সবে ঢাকা, মাগুরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়াসহ বিভিন্ন জেলা থেকে তিন শতাধিক বাউল সাধক ও শিল্পী অংশ নেন।