আগৈলঝাড়ায় ২৬ গুণীজনকে সংবর্ধনা
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আগৈলঝাড়ায় স্ব স্ব কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গুণীজন সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট পেলেন সাংবাদিক, প্রশাসন ও আওয়ামী লীগের ২৬ জন নেতৃবৃন্দ। রবিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তাদের সংবর্ধনা দেওয়া হয়। আগৈলঝাড়া থেকে প্রকাশিত ‘তথ্য পরিক্রমা’ ও ‘আগৈলঝাড়া সংবাদ’ ম্যাগাজিনের উদ্যোগে ঐ ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
চন্দ্রিকা জ্ঞান পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়া উপজেলায় চন্দ্রিকা জ্ঞান পাঠাগারের ৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার উপজেলার কলাবাড়ী ইউনিয়নের কুমরিয়া গ্রামে অবস্থিত পাঠাগার চত্বরে এক আলোচনাসভা হয়। এতে সভাপতিত্ব করেন পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি সুনীল কুমার গাঙ্গুলী।
শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা লোহাগড়া উপজেলার শিশু শিক্ষাপ্রতিষ্ঠান লক্ষ্মীপাশাস্থ মেসেজ ইন্টারন্যাশনাল স্কুলের (এমআইএস) শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়েছে। রবিবার সকালে মেসেজ ইন্টারন্যাশনাল স্কুল চত্বরে বই বিতরণ করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ভরত চন্দ্র বিশ্বাস।
নিরাপদ খাদ্যপণ্য নিশ্চিতের দাবিতে ক্যাম্পেইন
কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা হূদেরাগের ঝুঁকিসহ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণের মাধ্যমে নিরাপদ খদ্যপণ্য নিশ্চিতের দাবিতে কমলনগরে স্বাক্ষর গ্রহণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কমলনগর উপজেলা শাখা সদর হাজিরহাটে এ ক্যাম্পেইনের আয়োজন করে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যাবের জেলা শাখার সাধারণ সম্পাদক পারভীন হালিম।
মহিলা মাদ্রাসার বার্ষিক সদস্য সম্মেলন অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছায় ফাতিমাতুজ জোহরা (রা.) মহিলা মাদ্রাসার আজীবন সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার পৌরসভার জিরো পয়েন্ট ব্রিজ রোডসংলগ্ন মাদ্রাসার অস্থায়ী কার্যালয়ে ফাতিমাতুজ জোহরা (রা.)মহিলা মাদ্রাসা আজীবন সদস্য সম্মেলনে সভাপতিত্ব করেন মাদ্রাসা সভাপতি আলহাজ ডা. কওসার আলী গাজী। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ মো. আকতারুজ্জামান বাবু।
ক্যারাভান রোড শোর উদ্বোধন
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা ভূরুঙ্গামারীতে মুজিববর্ষে কোভিড-১৯-এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে ক্যারাভান রোড শোর উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের সহায়তায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ কর্মসূচির আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা ক্যারাভান রোড শোর উদ্বোধন করেন।
শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর লেখা বই বিতরণ
নেত্রকোনা প্রতিনিধি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত নেত্রকোনার শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর আত্মজীবনীসহ বঙ্গবন্ধুর লেখা কারাগারের রোজ নামচা ও আমার দেখা নয়া চীনসহ তিনটি বই বিতরণ করা হয়েছে। রবিবার নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান এসব গ্রন্থ শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন।
নতুন বই পেল প্রতিবন্ধী শিশুরা
বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা বেলকুচিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে বেলকুচি অটিজম স্কুল প্রাঙ্গণে শারীরিক ও মানসিকসহ বিভিন্ন ধরনের প্রতিবন্ধী শিশুদের মধ্যে বিভিন্ন শ্রেণির বই বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বেলকুচি অটিজম স্কুলের সভাপতি বেগম আশানূর বিশ্বাস, পৌর সচিব রফিকুল ইসলাম প্রমুখ।