শ্বশুরের অসুস্থতার খবর জেনে বঙ্গবন্ধু টি-২০ কাপের ফাইনাল না খেলেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছিলেন সাকিব আল হাসান। তিনি পৌঁছানোর আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মমতাজ উদ্দিন। পরিবারের সঙ্গে বেশ কিছুদিন কাটিয়ে গতকাল সকালে দেশে ফিরেছেন সাকিব। সকাল ১০টায় কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় নেমেছেন তিনি, সঙ্গে ছিলেন তার মা শিরিন আক্তার।
মূলত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ খেলতেই এসেছেন সাকিব। ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে পাওয়া নিষেধাজ্ঞা কেটে গেছে। ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন বঙ্গবন্ধু টি-২০ কাপ দিয়ে। এবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পালা এই অলরাউন্ডারের। সবকিছু ঠিক থাকলে উইন্ডিজদের বিরুদ্ধে সিরিজ দিয়েই ফিরবেন সাকিব।
যদিও সিরিজের আকর্ষণে কিছুটা ভাটা পড়েছে। শীর্ষ ১০ ক্রিকেটার ছাড়াই তুলনামূলক খর্ব শক্তির দল পাঠাচ্ছে ক্যারিবিয়ানরা। যার কারণে তিন ওয়ানডে, দুই টেস্টে শতভাগ জয় নিশ্চিত করার চাপটা থাকবে বাংলাদেশের ওপর। সাকিবও বিশ্বাস করেন, এই সিরিজে খারাপ করা হবে হতাশার। তার মতে, ভালো খেলা উচিত বাংলাদেশের।
গতকাল বিমানবন্দরে উইন্ডিজদের দল নিয়ে সাকিব বলেছেন, ‘যে দুইটা দল দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ তাদের সঙ্গে যদি আমরা ভালো না করি, তাহলে আমাদের জন্য হতাশার হবে। সে জায়গা থেকে আমি খুবই আশাবাদী। আমাদের ভালো করা উচিত।’ করোনাকালে এই সফরে আসায় ওয়েস্ট ইন্ডিজকে ধন্যবাদ দিয়েছেন সাকিব। বলেছেন, ‘ ওয়েস্ট ইন্ডিজকে ধন্যবাদ আসার জন্য।’ নিজের প্রত্যাবর্তন নিয়েও উদ্দীপ্ত ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার। ২০১৯ বিশ্বকাপে ঈর্ষন্বীয় পারফরম্যান্সের শ্রীলঙ্কা সফরে বিশ্রামে ছিলেন সাকিব। সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন চট্টগ্রামে আফগানদের বিরুদ্ধে ত্রিদেশীয় টি-২০ সিরিজে। প্রত্যাবর্তনের আগে চাপ অনুভব করছেন না তিনি। যদিও বঙ্গবন্ধ টি-২০ কাপে স্বরূপে ফিরতে পারেননি সাকিব। গতকাল বলেছেন, ‘আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরছি ভেবে ভালো লাগছে। চাপ না, একটা প্রত্যাশা তো সবারই থাকে, আমারও আছে। তবে ইজি হবে না আমার জন্য। তো সেই হিসেবে চেষ্টা করব সবমিলিয়ে যেন আগের জায়গায় যেন থাকতে পারি।’
গত বছরই দ্বিতীয় কন্যাসন্তানের বাবা হয়েছিলেন সাকিব। নতুন বছরে দেওয়া সুখবর অনুযায়ী তৃতীয়বার বাবা হতে যাচ্ছেন এই অলরাউন্ডার। তৃতীয় সন্তানের জন্য দোয়া চেয়েছেন ৩৩ বছর বয়সি এই ক্রিকেটার। তিনি বলেছেন, ‘নতুন সন্তানের খবর আনন্দের। সবার দোয়া চাই যেন বাচ্চা সুস্থ থাকতে পারে।’