রিয়ালের দূরন্ত ‘সূচনা’

পেটের পীড়ায় একাদশে নেই অধিনায়ক সার্জিও রামোস। তারওপর সবশেষ ম্যাচ এলচের কাছে হোঁচট খাওয়ার স্মৃতি একেবারেই তরতাজা। কিন্তু বছরের সূচনাটা দুরন্ত এক জয় দিয়েই করলো রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে সেল্টা ভিগোকে ২-০ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। এই জয়ে ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে (অ্যাটলেটিকো ম্যাচের আগে) জিনেদিন জিদানের দল।  

চলতি মৌসুমে আক্রমণাত্মক খেলার ছাপ রিয়ালের মতো শক্তিশালী দলের বিপক্ষেও রাখে সেল্টা। ম্যাচের পঞ্চম মিনিটে স্বাগতিক গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করে জালের উদ্দেশে বল ঠেলেন ইয়াগো আসপাস। কিন্তু দুর্দান্ত এক ক্লিয়ারেন্সে আসরের সর্বোচ্চ গোলদাতাকে (৯) নিরাশ করেন নাচো।

ঐ সময় পালটা আক্রমণে ম্যাচের প্রথম গোলটি পায় রিয়াল। মার্কো আসেনসিওর ক্রস থেকে হেডে বলের সঠিক ঠিকানা খুঁজে নেন লুকাস ভাসকেজ। দ্বিতীয় গোলটিও আসে এই যুগল ফরোয়ার্ডের নৈপুণ্যে। ৫৩ মিনিটে ভাসকেজের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন আসেনসিও। ফলে টানা ছয় ম্যাচ অপরাজিত থাকার পর হারই জুটল সেল্টার কপালে। 

অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা খুঁজে পেয়েছে আর্সেনাল। গতকাল ওয়েস্ট ব্রমকে ৪-০ গোলে স্রেফ উড়িয়ে দিয়েছে গানাররা। টানা ৩ জয়ের পর ১৭ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১১-তে ওঠে এসেছে মিকেল আরতেতার দল।