গ্যাস সিলিন্ডারবাহী যানবাহন চলাচলে সতর্কতা জরুরি

কিছু কিছু সংবাদ ঢাকা পড়ে যায়! গত ১৪ ডিসেম্বর রাতে গাজীপুর সদরের ভবানীপুরের বানিয়ারচালায় একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডারবাহী লরিতে আগুন ধরে যায় হঠাত্। তারপর একেকটি সিলিন্ডার তীব্র শব্দে ও আগুনের ফুলকিসহ বিস্ফোরিত হতে থাকে। মানুষ ভয়ে ছুটোছুটি শুরু করে দেয়। আশেপাশে বাড়িঘর থাকলেও বিদ্যুত্ বন্ধ হওয়ার কারণে হয়তো বেঁচে গেছে অনেক কিছুই। বিদ্যুতের লাইনও ক্ষতিগ্রস্ত হয়েছিল সেদিন এই বিস্ফোরণে। এই সংবাদটি পেছনে পড়ে গেলেও বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ। ঘটনাটি ব্যস্ত রাস্তায় ট্রাফিকজ্যামের মধ্যে ঘটলে হতাহত হতো অনেকে। ক্ষতি হতে পারত অনেক বেশি। তাই যে কোনো গ্যাসবাহী লরি, ভ্যান বা পরিবহনের নিরাপত্তা নিশ্চিতে সতর্কতা জরুরি। প্রয়োজন ছোট ভ্যান দিয়ে গ্যাস ভরে ভরে যে ছোট কোম্পানিগুলো চলে, তাদের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসা। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

সাঈদ চৌধুরী, মাওনা, শ্রীপুর, গাজীপুর