নেই পর্যাপ্ত আইসিইউ শয্যা

বেশিরভাগ সরকারি হাসপাতালে নেই চিকিত্সাব্যবস্থার আধুনিক সরঞ্জাম। কোভিড-১৯ আক্রান্ত রোগীদের একটি বড় অংশের জন্য আইসিইউর সুবিধা প্রয়োজন। কিন্তু প্রয়োজন অনুযায়ী দেশের হাসপাতালগুলোতে নেই পর্যাপ্ত আইসিইউ শয্যা। আইসিইউ সংকটের ফলে অনেক রোগী অ্যাম্বুলেন্সেই মারা যাচ্ছে। এছাড়া এধরনের ইউনিট পরিচালনার জন্য যে বিশেষ ধরনের জনবল প্রয়োজন তারও রয়েছে ব্যাপক ঘাটতি। সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সরকারি-বেসরকারি মিলিয়ে মোট আইসিইউ শয্যা রয়েছে ১,১৬৯টি। এর মধ্যে সরকারি হাসপাতালে রয়েছে ৪৩২টি এবং বেসরকারি হাসপাতালে রয়েছে ৭৩৭টি, যা প্রয়োজনের তুলনায় নগণ্য। সমাজের উচ্চবিত্তরা বেসরকারি হাসপাতালগুলোতে আইসিইউ সুবিধা কিছুটা গ্রহণ করতে পারলেও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের পক্ষে তার খরচ বহন করা সম্ভব হয়ে ওঠে না। ফলে রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ে। পর্যাপ্ত আইসিইউ শয্যা স্থাপনসহ সহনীয় পর্যায়ে রোগীদের চিকিত্সাসেবা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

আরিফুল ইসলাম

শিক্ষার্থী, বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বন্দর কলেজ