খেজুর রসের গুড়

শীতকালের একটি বড় আকর্ষণ খেজুরের রস থেকে বানানো গুড়, যা সুস্বাদু এবং এর সুগন্ধ মন মাতানো। নির্দ্বিধায় খেজুরগাছকে মধুবৃক্ষ বলা যায়। বাংলার বুক জুড়ে খেজুর রস এবং গুড়ের তৈরি পিঠেপুলি, পায়েস খাওয়ার উত্সব পড়ে। বর্তমান সময়ে আধুনিকতার ছোঁয়ায় দিন দিন হারিয়ে যাচ্ছে মধুবৃক্ষ তথা খেজুরগাছ। আর এই সুযোগটি নিচ্ছে অসত্ ব্যবসায়ীরা। কৃত্রিম চিনি, কেমিক্যাল এবং রাসায়নিক রং দিয়ে তৈরি করছে ভেজাল খেজুর রসের গুড়, যা মানব শরীরের জন্য খুবই বিপজ্জনক। কৃত্রিম গুড়ের ভয়াবহ প্রভাব পড়েছে যারা খেজুর রস সংগ্রহ এবং রস বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তাঁরা তাঁদের পরিশ্রমের যথাযথ মূল্য না পাওয়ায় এ পেশায় নিরুত্সাহিত হচ্ছেন। এর ফলে বিলুপ্তির পথে আমাদের ঐতিহ্য খাঁটি খেজুর রসের গুড়। আমাদের এই ঐতিহ্য রক্ষায় সরকারি, বেসরকারি এবং নিজ নিজ উদ্যোগে পতিত জমি, রাস্তার দু’পাশে এবং বাড়ির আঙিনায় খেজুরগাছ বেশি বেশি রোপণ এবং পরিচর্যা করতে হবে। নকল গুড় কেনা থেকে বিরত থাকতে হবে। প্রশাসন এবং জনগণকে সরাসরি অসত্ ব্যবসায়ীদের নির্মূলে সচেষ্ট হতে হবে।

চন্দন মণ্ডল তাপস

শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ,

সরকারি তিতুমীর কলেজ,

ঢাকা