শিক্ষার কাজ হচ্ছে মানুষকে বিকশিত করা ----- জিওসি ১৭ পদাতিক ডিভিশন

বিপুল উত্সাহ-উদ্দীপনা এবং আনন্দঘন পরিবেশে ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে গতকাল সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্্যাপন, বার্ষিক ম্যাগাজিন-২০২০-এর মোড়ক উন্মোচন এবং নবনির্মিত শিশু পার্ক উদ্বোধন অনুষ্ঠান প্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন জিওসি ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়া এবং প্রধান পৃষ্ঠপোষক, সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, এসইউপি, এনডিইউ, পিএসসি।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং দোয়া প্রার্থনা করেন। প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে বার্ষিক ম্যাগাজিন-২০২০-এর মোড়ক ও শিশু পার্কের উদ্বোধন ফলক উন্মোচন করেন।

এ সময় তিনি বলেন, মানুষ জন্মায় শুধু জীবসত্তা নিয়ে। আর শিক্ষার কাজ হচ্ছে মানুষকে বিকশিত করা এবং তার অন্তর্নিহিত প্রতিভাকে আবিষ্কার করা। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকরাই শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞানের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন এবং একই সঙ্গে সঠিক মনোভাব গঠন ও চরিত্রের উন্নতি সাধন করবেন। 

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের চেয়ারম্যান, সিলেট এরিয়া ও ১৭ পদাতিক ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথি, মিডিয়াব্যক্তিত্ব, সাংবাদিক, নির্বাচিত ছাত্রছাত্রী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।