চলে গেলেন ফুটবলার তৈরির কারিগর আলমগীর ওস্তাদ

অনেকেই আছেন যারা ফুটবল ছেড়ে দিয়ে নিজের অভিজ্ঞতা দিয়ে খেলোয়াড় তৈরি করেন। বিশেষ করে যারা ফুটবলের নেশায় মাঠে মাঠে ঘুরে প্রতিভাবানদের বাছাই করে গড়ে তোলার চেষ্টা করেছেন ফুটবলে অবদান রেখেছেন, সেই সব মানুষদের একজন ফুটবল অঙ্গনের পরিচিত মুখ আলমগীর ওস্তাদ। পুরো নাম সৈয়দ মো. আলমগীর। সাবেক ফুটবলার প্রচার বিমুখ কোচ চিরকুমার আলমগীর ওস্তাদ (৭০) গতকাল গেন্ডারিয়ার মিলব্যারাকে নিজ বাসায় ইন্তেকাল করেন। ভারতের কলকাতার খিদিরপুরে জন্ম নেওয়া আলমগীর খেলোয়াড়ী জীবনে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছিলেন। বিদেশে খেলতে যাবেন বলে ব্লেজারের মাপও দিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে তাকে বাদ দিয়ে অন্য জনকে দলে নেওয়া হয়েছিল। কেবল তৃণমূলে ফুটবলার তৈরির কাজেই তার পরিচিত ছিল না। একসঙ্গে দুই ক্লাবের দায়িত্ব পালনের নজিরও সৃষ্টি করেছিলেন তিনি। বঙ্গবন্ধু স্টেডিয়ামের দোতলায় লিগ কমিটিতে তার উপস্থিতি ছিল ফুটবলের প্রিয়মুখ হিসাবে। ঢাকার প্রথম বিভাগ ফুটবল লিগে সাধারণ বীমা ও ওয়ান্ডারার্সের কোচের দায়িত্ব পালন করেছিলেন। দুই দলের ম্যাচে তিনি কোনো ডাগআউটে থাকতেন না। ম্যাচ চালাতেন দুই দলের দুই সহকারী। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন। চিরকুমার আলমগীর বিয়ে করেননি কারণ প্রেমিকার অন্য জায়গায় বিয়ে হয়ে গিয়েছিল বলে।