গাজীপুরে রেজিস্ট্রার্ড হোমিওপ্যাথিক চিকিত্সকদের মানববন্ধন

রেজিস্ট্রার্ড হোমিওপ্যাথিক চিকিত্সকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদ এবং হোমিওপ্যাথিক চিকিত্সক ও শিক্ষার্থীদের ১১ দফা বাস্তবায়নের দাবিতে গাজীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে বাংলাদেশ হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠন গাজীপুর জেলা শাখা এ কর্মসূচি পালন করে। ঘন্টাব্যাপী কর্মসূচি চলাকালে সংগঠনের সভাপতি ডা. আরমান হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রেজিস্ট্রার্ড চিকিত্সক মেহেদী হাসান নাজমুল, এ আই আতিক, আরিফুল ইসলাম, বেলাল হোসেন, মোস্তাফিজুর রহমান প্রমুখ। মানববন্ধনে বক্তারা রেজিস্ট্রার্ড হোমিওপ্যাথিক চিকিত্সকদের বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রানির তীব্র প্রতিবাদ এবং হোমিওপ্যাথিক চিকিত্সক ও শিক্ষার্থীদের ১১ দফা দাবি মেনে নেওয়ার দাবি জানান।