মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ২০ মাস বয়সি এক শিশুকে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়া হয়েছে। শনিবার সমেতপুর গ্রামের মনিরুল ইসলাম তার শিশুকে পাতলা পায়খানাজনিত কারণে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিত্সকরা ব্যবস্থাপত্র দেন। পরে হাসপাতাল থেকে ঐ শিশুকে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়া হয়। কিছু খাবার স্যালাইনের সঙ্গে এসেনসিয়াল ড্রাগ কোম্পানির মেট্রোনিডাজল সাসপেনশন নামের সিরাপ দেওয়া হয়। শিশুটির বাবা মনিরুল ইসলাম জানান, দুই দিন যাবত্ তার মেয়েটি পাতলা পায়খানায় ভুগছিল। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বহির্বিভাগে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে বাড়ি ফেরার পথে স্থানীয় বাজারে কয়েক জনকে তা দেখালে মেয়াদের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাহাউদ্দীন বিষয়টি অস্বীকার করে বলেন, ‘মানুষ মাত্রই ভুল হয়, আমরা স্টোর রুম চেক করে দেখেছি মেয়াদোত্তীর্ণ কোনো ওষুধ পাওয়া যায়নি । তবে ঐ ওষুধ অন্য কোথাও থেকে আসতে পারে।’