৭৬২৬ মৃতের মধ্যে ৫৭৯৭ জনই পুরুষ

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত এক দিনে আরো ২৭ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৬২৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৫ হাজার ৭৯৭ জনই পুরুষ এবং ১ হাজার ৮২৯ জন নারী। গতকাল রবিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত ৮৩৫ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ১৬ হাজার ১৯ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ৯৭৮ হাজার জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৬০ হাজার ৫৯৮ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৪টি আরটি-পিসিআর ল্যাব, ২৬টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৪০টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাত্ সর্বমোট ১৮০টি ল্যাবে ১০ হাজার ৯২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩২ লাখ ৬০ হাজার ৩২৭টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ৬৪ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৫ দশমিক ৮৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ২৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ লাখ ৮১ হাজার ১০৬টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৬ লাখ ৭৯ হাজার ২২১টি।

গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ১৬ জন পুরুষ আর নারী ১১ জন। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন। তাদের মধ্যে ১৯ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ৫ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং ৩ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে ১৫ জন ঢাকা বিভাগের, চার জন রাজশাহী বিভাগের, তিন জন রংপুর বিভাগের, দুই জন করে মোট চার জন সিলেট ও ময়মনসিংহ বিভাগের এবং এক জন খুলনা বিভাগের বাসিন্দা ছিলেন।