এমসি কলেজ ছাত্রাবাসে চাঞ্চল্যকর সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি অর্জুন লস্করের জামিন নামঞ্জুর হয়েছে। একই সঙ্গে মামলার চার্জ গঠনের তারিখ এক সপ্তাহ পেছানোর আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহিতুল হক।
আদালত সূত্র জানায়, রেওয়াজ অনুযায়ী চার্জ গঠনের সময় নারাজি দাখিলের জন্য কিছু সময় দেওয়া হয়। এজন্য আদালত চার্জ গঠনের তারিখ এক সপ্তাহ পিছিয়েছে। চার্জ গঠনের জন্য গতকাল রবিবার মামলার আট আসামিকে আদালতে হাজির করা হয়। কিন্তু বাদী-বিবাদী উভয় পক্ষকে নারাজি দাখিলের সুযোগ দিতে এই তারিখ এক সপ্তাহ পেছানোর আদেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। এছাড়া রবিবার আদালতে মামলার চার্জশিটভুক্ত আসামি অর্জুন লস্কর জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে।
চাঞ্চল্যকর এ মামলায় গত ৩ ডিসেম্বর ছাত্রলীগের আট নেতাকর্মীকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা শাহপরান থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য। অভিযোগপত্রে সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল ও মিসবাউল ইসলাম রাজন মিয়াকে সরাসরি ধর্ষণে সম্পৃক্ত এবং রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মাসুমকে সহযোগী হিসেবে অভিযুক্ত করা হয়। আসামিদের সবাই বর্তমানে জেলহাজতে রয়েছে।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর রাতে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের এই ঘটনা ঘটে।