চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের দুই দিন পর তিন বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার চাঁপাইনবাবগঞ্জের সদর হাসপাতালের সেপটিক ট্যাংক থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মসজিদ পাড়া মহল্লার মো. সুজন আলীর ছেলে রোহান (৩)।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মাহবুব আলম খান জানান, গত ৩১ ডিসেম্বর শিশু রোহান নিখোঁজ হয়। পরদিন তার বাবা বিষয়টি জানান থানায়। পরে সদর থানা ও ডিবি পুলিশের একাধিক টিম শহরের বিভিন্ন মোড়ের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে। এরই সূত্র ধরে সদর হাসপাতালের পেছনের একটি সেপটিক ট্যাংক থেকে শিশু রোহানের লাশ উদ্ধার করা হয়। শিশুটিকে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছিল। এ ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। জেলা পুলিশের এই কর্মকর্তা আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে শিশু রোহানকে দিয়ে ভিক্ষাবৃত্তি করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। এবং ১৫০ টাকার মতো মানুষের কাছ থেকে পেয়েছিল।