শ্যামপুর চিনিকল বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রংপুরের একমাত্র শিল্পপ্রতিষ্ঠান শ্যামপুর চিনিকল বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শ্যামপুর চিনিকল রক্ষা কমিটি। গতকাল নগরীর একটি অডিটরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে চিনিকল খুলে দেওয়ার দাবিতে ১৩ জানুয়ারি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়। এর পরেও দাবি মানা না হলে লাগাতার হরতাল এবং অবরোধের মাধ্যমে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চিনিকল রক্ষা কমিটির সমন্বয়ক আবদুল কুদ্দুস। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, চিনি কল লোকসানের কথা বলে বন্ধ করার পাঁয়তারা করা হচ্ছে। অথচ জাপান, থাইলান্ড এই চিনি কল কিনতে চাচ্ছে। তাহলে তারা কেন কিনবে?। তারা বলেন, শ্যামপুর চিনি কল এলাকায় বিপুল পরিমাণ আখ উত্পাদিত হলেও মিল বন্ধ হওয়ার কারণে আখ শুকিয়ে খড়িতে পরিণত হচ্ছে। এই চিনি কলের ওপর নির্ভরশীল শত শত শ্রমিক হাজার হাজার আখচাষি মানবেতর দিন কাটাচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চিনি কল রক্ষা কমিটির সদস্য মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন, আনোয়ার হোসেন বাবলু, ডা. মামুন ও চিনিকল শ্রমিক নেতা খতিবর রহমান সুলতান মাহমুদ প্রমুখ।