ব্রাহ্মণবাড়িয়ার ৯ থানায় জব্দকৃত ৩০৫টি যানবাহন বিক্রি

ব্রাহ্মণবাড়িয়ার ৯ থানায় মামলা ও সাধারণ ডায়েরি মূলে জব্দকৃত বিভিন্ন ধরনের পুরোনো ৩০৫টি যানবাহন প্রায় সোয়া কোটি টাকায় বিক্রি করা হয়েছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সার্কেল কর্মকর্তা ও প্রকৌশলীদের উপস্থিতিতে এসব যান নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

জানা গেছে, জেলার ৯ থানায় বিভিন্ন সময়ে জব্দকৃত যানবাহনগুলো দীর্ঘদিন খোলা আকাশের নিচে পড়ে থেকে ধ্বংস হওয়ার উপক্রম হয়। এজন্য জেলা পুলিশ এসব পুরোনো যান উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেয়। গত বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার সকল থানায় একযোগে উন্মুক্ত নিলাম ডাকা হয়। কিন্তু আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিলামের প্রথমদিন তালিকা থেকে পাঁচটি মোটরসাইকেল সরিয়ে ফেলায় সেখানে দুই দিন নিলাম ডাকা হয়। জেলায় ৩০৫টি যানবাহন উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ কোটি ১৩ লাখ ৫৩ হাজার ৫০০ টাকায় বিক্রি করে পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার (সার্কেল), উপজেলা প্রকৌশলী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তার সমন্বয়ে গঠিত কমিটির উপস্থিতিতে নিলাম উপযোগী প্রাইভেটকার, মোটরসাইকেল, পিকআপ, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা, ট্রাক্টর, রিকশা, বাইসাইকেল, পাওয়ার ট্রিলার, নৌকা ও অন্যান্য যান বিক্রি করা হয়।

জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও-১) ইমতিয়াজ আহমেদ বলেন, উন্মুক্ত নিলামের মাধ্যমে পুলিশ বিভিন্ন ধরনের ৩০৫টি যানবাহন প্রায় সোয়া কোটি টাকা মূল্যে বিক্রি করে।