ইংলিশ মিডিয়াম স্কুলে এক শ্রেণি থেকে অন্য শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের পুনরায় ভর্তি বা সেশন ফির নামে অর্থ আদায় নিষিদ্ধ করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। তবে হাইকোর্টের ঐ রায়ে প্রত্যেক জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় এবং দেশীয় কৃষ্টি-সংস্কৃতির আবহে পালন করা, প্রখ্যাত বাঙালি কবি-সাহিত্যিকদের রচনাবলির সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় ঘটানোর নির্দেশনা বহাল রাখা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ গতকাল রবিবার এ আদেশ দেয়।
২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে ‘ফ্রি স্টাইলে চলছে ইংলিশ মিডিয়াম স্কুল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ঐ প্রতিবেদনের ভিত্তিতে করা রিটের ওপর ২০১৭ সালের ২৫ মে ১৭ দফা নির্দেশনা দিয়ে রায় দেয় হাইকোর্ট। রায়ে ইংরেজি মাধ্যমের স্কুলে এক শ্রেণি থেকে অন্য শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর পুনরায় ভর্তি বা সেশন ফির নামে অর্থ আদায় নিষিদ্ধ করা হয়।