সংকটের সময় টাকা থাকলেও খাদ্য মিলবে না —কৃষিমন্ত্রী

চলমান করোনার কারণে যদি খাদ্যসংকট বা দুর্ভিক্ষ দেখা দেয়, তাহলে হাতে টাকা থাকলেও খাদ্য পাওয়া কঠিন হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। এ জন্য আমাদের প্রয়োজনীয় খাদ্য আমাদেরই উত্পাদন করতে হবে। গতকাল রবিবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তায় মূল চ্যালেঞ্জ হলো আমাদের জনসংখ্যা প্রতি বছর ২২ থেকে ২৩ লাখ বৃদ্ধি পাচ্ছে। অথচ নানান কারণে চাষের জমি কমছে। এই স্বল্প জমি থেকেই মানুষের খাদ্য এবং প্রাণী ও পোলট্রি ফিডের যোগান দিতে হবে।

ড. রাজ্জাক কর্মকর্তাদের মাঠ পর্যায়ে যাওয়ার নির্দেশ দিয়ে বলেন, শুধু মন্ত্রণালয়ে বসে থেকে গতানুগতিক কাজ করলে হবে না। বরং মাঠ পর্যায়ে নিয়মিত পরিদর্শনে যেতে হবে। দেশের কোন এলাকায় কী চাষ করা যাবে বা সম্ভাবনা আছে তা চিহ্নিত করে পুরোপুরি কাজে লাগাতে হবে। যাতে কৃষি উত্পাদন আরো বাড়ানো যায়।

বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) সম্পাদনে পরপর দুইবার কৃষি মন্ত্রণালয় ২য় স্থান অর্জন করায় সবাইকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, এই সাফল্যের পরও আমাদের সবাইকে আরো তত্পর থাকতে হবে। উল্লেখ্য, কৃষি মন্ত্রণালয় এবার ২০১৯-২০ অর্থবছরে এপিএ বাস্তবায়নে ২য় স্থান অর্জন করেছে।

গতকাল মতবিনিময় সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. হাসানুজ্জামান কল্লোল, অতিরিক্ত সচিব (পিপিসি) ড. মো. আব্দুর রৌফ, অতিরিক্ত সচিব (সার ব্যবস্থাপনা ও উপকরণ) মো. মাহবুবুল ইসলাম, অতিরিক্ত সচিব (গবেষণা) কমলারঞ্জন দাশ, মহাপরিচালক (বীজ) বলাই কৃষ্ণ হাজরা ও অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।