রাজধানীর কাকরাইলে মা ও ছেলেকে গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অবশিষ্ট যুক্তিতর্ক উপস্থাপন শুনানির জন্য ৭ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত। গতকাল ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালত এ আদেশ দেন। আসামি আব্দুল করিমের পক্ষে তার আইনজীবীর অবশিষ্ট যুক্তিতর্ক উপস্থাপনের কথা ছিল। কিন্তু তিনি অবশিষ্ট যুক্তিতর্ক উপস্থাপন না করায় আদালত নতুন এ দিন ধার্য করে। মামলার আসামিরা হলো—নিহত শামসুন্নাহারের স্বামী আব্দুল করিম, করিমের দ্বিতীয় স্ত্রী শারমিন মুক্তা ও মুক্তার ভাই আল-আমিন ওরফে জনি।
এর আগে ২০১৮ সালের ১৬ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পরিদর্শক মো. আলী হোসেন ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালের ১ নভেম্বর সন্ধ্যায় কাকরাইলের আঞ্জুমানে মুফিদুল ইসলাম রোডের ৭৯/১ বাড়িতে শামসুন্নাহার (৪৫) ও তার ছেলে শাওনকে (‘ও’ লেভেলের শিক্ষার্থী) গলাকেটে হত্যা করা হয়। নিহতের স্বামী আবদুল করিম পুরান ঢাকার শ্যামবাজারের ব্যবসায়ী। তিনি আদা, রসুন ও পেঁয়াজের আমদানিকারক। ঐ ঘটনায় পরের দিন ২ নভেম্বর নিহতের ভাই আশরাফ আলী বাদী হয়ে হত্যা মামলা করেন।