সাভারের ভাকুর্তার চুনারচর এলাকায় এক বৃদ্ধের ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা এবং মসজিদের বাউন্ডারি গেট ভাঙচুর ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় সন্ত্রাসীদের বাধা দিতে গেলে ওই বৃদ্ধকে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় জমির মালিক মো. আবদুল করিম সাভার থানায় অভিযোগ করেছেন।
অভিযোগে মো. আবদুল করিম উল্লেখ করেছেন, সাভার মডেল থানাধীন চুনারচর মৌজাস্থিত ৬৪ শতাংশ সম্পত্তি তিনি ও তার পাঁচ ভাইবোন ক্রয়সূত্রে মালিক হয়ে ভোগদখল এবং নিজ নিজ নামে নামজারি জমাভাগ সম্পন্ন করে পাকা বাউন্ডারি দেয়াল নির্মাণ করেছেন। এছাড়া ১০ শতাংশ সম্পত্তি মসজিদের জন্য বরাদ্দ রেখে ইতিমধ্যে বেড়া ও টিনের চালা দিয়ে মসজিদ নির্মাণ ও চারদিকে পাকা বাউন্ডারি দেওয়াল দিয়ে মুসল্লিরা সেখানে নামাজ আদায় করছেন।
উক্ত সম্পত্তির একাংশে আবদুল করিম নির্মাণকাজ করতে গেলে স্থানীয় নূর ইসলাম, মাজাহারুল ইসলামসহ অজ্ঞাতনামা চার-পাঁচ জন সন্ত্রাসী পূর্বপরিকল্পিতভাবে হাতে ধারালো দা, শাবল, রড ও লাঠি নিয়ে হামলা চালায় এবং বাউন্ডারির গেট ভাঙচুর করে। বৃদ্ধ আবদুল করিম সন্ত্রাসীদের বাধা দিলে তারা তাকেও মারধর করে এবং হত্যার চেষ্টা চালায়। তিনি কোনো মতে দৌড়ে নিজের জীবন রক্ষা করেন। তার চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা তার জীবননাশের হুমকি দেয়।