ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ২ নং ওয়ার্ডের পশ্চিম পাড়ায় অবৈধভাবে সরকারি খাল ভরাট করে রাস্তা নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালত খোরশেদ আলম (৫০) নামে এক ব্যাক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল রবিবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান এই দণ্ড প্রদান করেন।
সূত্রে জানা যায়, রবিবার পৌর এলাকার ২নং ওয়ার্ডের পশ্চিম পাড়ার একটি মাদরাসার সাথের সরকারি খালটি অবৈধভাবে বালি ফেলে ভরাট করছিলেন খোরশেদ আলম নামে এক ব্যক্তি।
স্থানীয়রা খাল ভরাটের এই বিষয়টি উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) অবগত করলে ওই দিন দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান সরজমিনে গিয়ে উপস্থিত হন। তিনি খাল ভরাটের দায়ে খোরশেদ আলমকে ১০ হাজার টাকা জরিমানা ও দু’দিনের মধ্যে খাল থেকে বালি সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করেন।
সরজমিনে গেলে জানা যায়, পৌর এলাকার ২নং ওয়ার্ডের পশ্চিম পাড়ার পুরাতন সরকারি খালটি অবৈধভাবে অনেকেই দখল করে রেখেছেন। এই ভরাট ও খালটি পুনরুদ্ধারের জন্য প্রতিকার চেয়ে স্থানীয় জনসাধারণ একাধিক লিখিত আবেদনও করেছেন। কিন্তু এসব প্রতিবাদ পাত্তা না দিয়ে স্থানীয় প্রভাবশালীরা খালটি ভরাট করে ফেলছেন। খাল ভরাটের মহাউৎসব চলছে এখানে।
স্থানীয় এক শিক্ষক গোলাম হোসেন মাস্টার, রিকশা চালক হানিফ মিয়াসহ আরো অনেকেই জানান, এই খাল দিয়ে এক সময় অনেক নৌকা আসা যাওয়া করতো, ফসলি জমির অনেক পাট খেত এইখালে পঁচানো হতো। এখন দখল ও দূষণে সব একাকার হয়ে গেছে। আমরা এসবের প্রতিকার চেয়ে মানববন্ধন করে লিখিতভাবে একাধিকবার প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন আসেন, জরিমানা করেন কিন্তু কিছুদিন পর আবার ভরাট শুরু হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. ইশবাল হাসান বলেন, সরকারি খাল ভরাটের অপরাধে খোরশেদ আলমকে জরিমানা ও খাল থেকে বালি সরিয়ে নিতে নিদের্শ দেওয়া হয়েছে। এছাড়াও সবার জানা উচিত, সরকারি খাল ভরাট করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ সরকারি খাল ভরাট ও দখল করলে তার বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/এএএম