বিবিসি ও এএফপি
যুক্তরাষ্ট্রের ইতিহাসে একমাত্র নারী স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি খুব অল্প ভোটের ব্যবধানে গত রবিবার আবারও মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন।
ডেমোক্রেট দলের পেলোসি ২১৬ ভোট পেয়ে চতুর্থবারের মতো স্পিকার নির্বাচিত হন। অন্যদিকে তার বিরোধী রিপাবলিকান দলের কেভিন ম্যাক কারথি পেয়েছেন ২০৯ ভোট। নির্বাচিত হওয়ার পর পেলোসি করোনা ভাইরাস প্রসঙ্গ টেনে বলেন, ‘খুবই কঠিন এই সময়ে আমরা নতুন কংগ্রেসের যাত্রা শুরু করছি। আমাদের জরুরি অগ্রাধিকার করোনাকে পরাজিত করা। আমরা করোনাকে পরাজিত করতে পারব।’ উল্লেখ্য, মার্কিন প্রতিনিধি পরিষদে আসনসংখ্যা ৪৩৫ হলেও ভোট দিয়েছেন ৪২৭ জন। কারণ, নবনির্বাচিত কিছু কংগ্রেস সদস্য কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্পের অভিশংসন প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়ে নিজের যোগ্যতার প্রমাণ রেখেছিলেন পেলোসি (৮০)। ট্রাম্প ২০১৯ সালের ডিসেম্বরে প্রতিনিধি পরিষদে অভিশংসিত হন। কিন্তু তিনি সিনেট থেকে ছাড় পান।