সিংড়ায় লক্ষ্মীপ্যাঁচার পাঁচটি ছানা উদ্ধার

সিংড়া (নাটোর) সংবাদদাতা

সিংড়ায় লক্ষ্মীপ্যাঁচার পাঁচটি ছানা উদ্ধার করা হয়েছে। গত রবিবার বিকালে পৌর শহরের মাদারীপুর এলাকার একটি বাড়ি থেকে ছানাগুলো উদ্ধার করেন পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম জানান, রবিবার বিকালে ছানাগুলো উদ্ধার করে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং সিংড়া উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করা হয়েছে। উদ্ধারস্থলে পথসভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রকিবুল হাসান। সাইফুল ইসলাম আরো জানান, ছানাগুলো পরিবেশকর্মী হাসান ইমামের তত্ত্বাবধানে রাখা হয়েছে।