মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে জরিনা খাতুন নামের এক গৃহবধূকে হত্যার দায়ে স্বামীসহ প্রথম স্ত্রীর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার মেহেরপুরের অতিরিক্ত জেলা জজ রিপতি কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সদর উপজেলার যাদবপুর গ্রামের নবীছদ্দীনের ছেলে সাইদুল ইসলাম ও তার প্রথম স্ত্রী জমেলা খাতুন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিল।
মামলার এজাহারে জানা গেছে, ২০১০ সালে সদর উপজেলার যাদবপুর গ্রামের সাইদুল ইসলাম ও তার প্রথম স্ত্রী জমেলা খাতুন দুজনে মিলে দ্বিতীয় স্ত্রী জরিনা খাতুনকে হত্যার পর আলুখেতে পুঁতে রাখে। কয়েক দিন পর পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় ঐ বছরের ৬ জানুয়ারি জরিনা খাতুনের বোন ফেরদৌসী খাতুন বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মেহেরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।