মেসির ২০০তম অ্যাসিস্ট
স্পোর্টস ডেস্ক
এই কিছুদিন আগেই লিওনেল মেসি ভাঙলেন পেলের এক ক্লাবের হয়ে সর্বাধিক গোলের রেকর্ড। এবার পেলের আরেক রেকর্ডকে ছাড়িয়ে গেলেন মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। উদিনেসের বিপক্ষে করা জোড়া গোলে পেলের মোট অফিশিয়াল গোলসংখ্যাকে ছাপিয়ে গেলেন, নিজের মোট ক্যারিয়ার গোলের সংখ্যা নিয়ে গেলেন ৭৫৮-এ। তার রেকর্ডের রাতে উদিনেসকে ৪-১ গোলে হারিয়েছে জুভেন্তাস। ওদিকে লা লিগায় নিজের ৫০০তম ম্যাচে ক্লাবের জার্সি গায়ে নিজের ২০০তম অ্যাসিস্টের মুখ দেখলেন মেসি।
সময়টা এমন, প্রায় প্রতি ম্যাচেই যেন কোনো না কোনো রেকর্ড ভাঙছেন মেসি-রোনালদো। রবিবার তুরিনের অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামের সৌভাগ্য হলো এরকম আরেক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার। উদিনেসের বিপক্ষে ম্যাচের ৩১তম মিনিটে অ্যারন রামসির পাস থেকে গোল করে কিংবদন্তি পেলের মোট ক্যারিয়ার গোলের টালি (৭৫৭টি) স্পর্শ করেন রোনালদো। দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে আরেকটি গোল করে পেলেকে একেবারে ছাড়িয়েই গেলেন এই পর্তুগিজ। সর্বকালের সর্বোচ্চ গোল সংগ্রাহকের তালিকায় এখন তিনে উঠে এসেছেন তিনি। সামনে শুধু রোমারিও ও জোসেপ বিকান। উদিনেসের বিপক্ষে জোড়া গোলের ফলে রোনালদো এখন সিরি আ-তেও এই মৌসুমের সর্বোচ্চ গোল সংগ্রাহক (১৪টি)। তবে টেবিলের শীর্ষে থাকা এসি মিলানের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে তার দল।
রোলানদোর রেকর্ডের রাতে তার চিরপ্রতিদ্বন্দ্বী মেসিও ছুঁলেন আরেক মাইলফলক। আলকোরাজ স্টেডিয়ামে হুয়েস্কার বিপক্ষে লা লিগায় নিজের ৫০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন রবিবার। ২৭ মিনিটে ফ্র্যাংকি ডি ইয়ংকে দিয়ে করানো ম্যাচের একমাত্র গোলটি তার বার্সেলোনার জার্সিতে করা ২০০তম অ্যাসিস্ট। ডি ইয়ংয়ের একমাত্র গোলে হুয়েস্কাকে ১-০ গোলে হারিয়েছে বার্সা। জুভেন্তাসের মতো বার্সাও এখন আছে টেবিলের পঞ্চম স্থানে, শীর্ষে থাকা অ্যাটলেটিকোর চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে।