ধর্মভিত্তিক রাজনীতি নির্মূল করার প্রত্যয়

জাসদ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

বৈষম্যহীন সমাজ, ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতিবিরোধী ধর্মভিত্তিক রাজনীতি নির্মূল করার প্রত্যয় নিয়ে ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে জাসদ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলায় সমাবেশ করেছে সংগঠনটি। সমাবেশ শেষে ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা, দলীয় পতাকা ও লাল পতাকা সুসজ্জিত একটি শোভাযাত্রা নিয়ে শহিদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান ননীর সঞ্চালনা ও সংগঠনটির সভাপতি আহসান হাবীব শামীমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, সহসভাপতি নুরুল আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি মোখলেছুর রহমান মুক্তাদিরসহ সাবেক ও বর্তমান নেতারা।

সমাবেশে শিরীন আখতার বলেন, বাংলাদেশ, স্বাধীনতা ও ছাত্রলীগ এই তিনটি শব্দ অবিচ্ছেদ্য। ছাত্রলীগের ইতিহাস বাঙালির ইতিহাস, ছাত্রলীগের ইতিহাস বাংলা ভাষা ও সংস্কৃতির ইতিহাস, ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস। ছাত্রলীগকে বাদ দিয়ে বাংলাদেশ কল্পনা করা যায় না।