১০ উপজেলায় দুই দিন করে আয়োজন
ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জানুয়ারি মাস জুড়ে দেশের ১০টি উপজেলায় দুই দিন করে সাংস্কৃতিক উত্সবের আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার বিকালে ভার্চুয়াল এক আয়োজনে এই উত্সবের উদ্বোধন করা হয়। সংস্কৃতি চর্চা দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে শিল্পকলা একাডেমি।
উত্সবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন, মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, শিবচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান এবং চট্টগ্রামের জেলা কালচারাল মো. মোসলেম উদ্দিন।
সিমিন হোসেন রিমি বলেন, সংস্কৃতি চর্চার মাধ্যমে আমাদের সমাজ ও সমাজের সকলকে সামাজিক ও পারিপার্শ্বিক দিক থেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। সেজন্য সংস্কৃতি চর্চার সঙ্গে পাঠাগারভিত্তিক সমাজ গড়ে তোলা প্রয়োজন।
চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, প্রতিটি উপজেলায় সাংস্কৃতিক কেন্দ্র এখন খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন যেই সময়টা পার করছি, এই সময় আমাদের নতুন প্রজন্ম খেলাধুলা ও সংস্কৃতি চর্চা থেকে অনেক দূরে চলে গেছে। দেশ উন্নতির দিকে যাচ্ছে। আমাদের একটি নেশামুক্ত সমাজ গড়তে হবে। আমাদের একটি সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে হবে। এজন্য সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো খুবই গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমি জেলা থেকে উপজেলা পর্যন্ত বিস্তৃত হয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি ১০টি উপজেলায় ভবন ও মুক্তমঞ্চ নির্মাণ করেছে। সেই উপজেলাগুলোতেই অনুষ্ঠিত হবে এই উত্সব। এই উপজেলাগুলো হলো-মাদারীপুরের শিবচর (উত্সব অনুষ্ঠিত হবে ৪-৫ জানুয়ারি), গাজীপুরের কাপাসিয়া (১৩-১৪ জানুয়ারি), ঢাকার নবাবগঞ্জ (২২-২৩ জানুয়ারি), নীলফামারীর ডোমার (২৫-২৬ জানুয়ারি), পিরোজপুরের ভাণ্ডারিয়া (২৫-২৬ জানুয়ারি), জামালপুরের মেলান্দহ (২৭-২৮ জানুয়ারি), চট্টগ্রামের রাঙ্গুনিয়া (২৯-৩০ জানুয়ারি), দিনাজপুরের কাহারোল (২৯-৩০ জানুয়ারি), খুলনার ডুমুরিয়া (৩০-৩১ জানুয়ারি) এবং চাঁদপুরের মতলব উপজেলা (৩০-৩১ জানুয়ারি)।