২ হাজার কোটি টাকা পাচার

রুবেল-বরকতের কেন জামিন নয় :হাইকোর্ট

প্রায় ২ হাজার কোটি টাকা পাচারের মামলায় ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ওরফে বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে বিবাদীদেরকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন।২ হাজার কোটি টাকা অর্থ পাচারের সঙ্গে কারা কারা জড়িত তাদের নাম সবিস্তারে উল্লেখ করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে রুবেল ও বরকত। ঐ জবানবন্দি অনুযায়ী অনেককে গ্রেফতার করেছে সিআইডি। মামলার তদন্ত চলমান।

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় সুবল চন্দ্রের বাড়িতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শহরের বিভিন্ন এলাকা থেকে সাজ্জাদ, রুবেলসহ ৯ জনকে গত বছরের ৭ জুন গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে রুবেল ও বরকতের দখলে থাকা বেশ কিছু অবৈধ অস্ত্র উদ্ধার করে পুলিশ। সেইসব অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়। এরপর গত ২৬ জুন রাজধানীর কাফরুল থানায় তাদের বিরুদ্ধে প্রায় ২ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে মামলা করে সিআইডি। এজাহারে বলা হয়, ২০১০ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ফরিদপুরের এলজিইডি, বিআরটিএ, সড়ক বিভাগসহ বিভিন্ন সরকারি বিভাগের ঠিকাদারি নিয়ন্ত্রণ করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন তারা। মাদক ব্যবসা ও ভূমি অবৈধ দখলে নিয়ে বেআইনি পন্থায় উপার্জিত অর্থ দিয়ে বিভিন্ন সম্পত্তির মালিক হওয়ার পাশাপাশি হুন্ডির মাধ্যমে বিদেশেও অর্থ পাচার করেছেন এই রুবেল ও বরকত। এই মামলায় হাইকোর্টে জামিন চান এই দুই ভাই। আদালতে জামিন আবেদনের পক্ষে কামরুল আলম কামাল, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও দুদকের পক্ষে মো. খুরশীদ আলম খান শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট জামিন প্রশ্নে রুল জারি করে।