সংবাদ সম্মেলন তখন শেষ। বিসিবি একাডেমি ভবনের সামনে দাঁড়িয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলছিলেন, ‘সবাইকে একটা সময় যেতে হয়। আমাদেরকেও আন্তর্জাতিক ক্রিকেট ছাড়তে হয়েছে। ও (মাশরাফি) তো আমাদের কিংবদন্তি।’ তার মিনিট বিশেক আগেই কার্যত বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে মাশরাফি বিন মুর্তজা অধ্যায়ের সমাপ্তি ঘটে।
গতকাল সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক বলেছেন, সবার সম্মিলিত সিদ্ধান্তেই বাদ দেওয়া হয়েছে মাশরাফিকে। যেখানে হেড কোচ রাসেল ডমিঙ্গো, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, বিসিবির কর্তাব্যক্তি, ফিজিও-ট্রেনারদের সঙ্গে নির্বাচকদের লম্বা আলোচনা হয়েছে। এমনকি মাশরাফির সঙ্গেও কথা বলেছেন নির্বাচকরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের জন্য ওয়ানডে ও টেস্টের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা করে বিসিবি। ২৪ সদস্যের ওয়ানডে স্কোয়াডে জায়গা হয়নি দেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফির।
সূত্র জানায়, টিম ম্যানেজমেন্টের ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় নেই বলেই বাদ পড়েন ৩৭ বছর বয়সি এই অভিজ্ঞ পেসার। তরুণদের সুযোগ দিতেই তাকে ছাড়াই প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে।
এদিকে আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে বঙ্গবন্ধু টি-২০ কাপ দিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। এবার আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পালা। হোম সিরিজে ওয়ানডে, টেস্ট দলেও জায়গা করে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে টেস্টের ২০ সদস্যের প্রাথমিক দলে সুযোগ হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। ওয়ানডে স্কোয়াডে প্রথমবার সুযোগ পেয়েছেন পাঁচ তরুণ। এরা হলেন হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, মেহেদী হাসান, নাসুম আহমেদ ও পারভেজ হোসেন ইমন।
২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে মাশরাফির অভিষেক। ২০০৯ সালের পর থেকে টেস্ট খেলেন না, টি-২০ থেকে অবসর নিয়েছেন ২০১৭ সালে। গত বছর মার্চে ওয়ানডের অধিনায়কত্ব ছাড়লেও অবসর নেননি। আন্তর্জাতিক ক্রিকেটে মাশরাফির প্রায় ২০ বছরের পথ চলার শেষটা গতকালই লেখা হয়ে গেল! কারণ আর জাতীয় দলে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
অবশ্য প্রাথমিক দলে না থাকায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা দেখলেও অনেকটা ভাবলেশহীনই মনে হলো মাশরাফিকে। গতকাল একান্ত আলাপে বলেছেন, ‘দল দিয়েছে ভালো হয়েছে। ঠিক আছে, সমস্যা নেই।’ এর বেশি মন্তব্য করতে রাজি হননি দেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ২৭০ উইকেটের মালিক এই পেসার।