যুক্তরাজ্য থেকে সোমবার এক জন শিশুসহ ৪২ জন যাত্রী নিয়ে সিলেটে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। ওসমানী বিমানবন্দরে ইমিগ্রেশন ও প্রয়োজনীয় চেকআপ শেষে বিকাল ৩টার দিকে যাত্রীদের বিআরটিসি বাসযোগে দরগাগেটস্থ হোটেল হলিগেট ও স্টার প্যসিফিক হেটেলে পাঠানো হয় পুলিশ প্রহরায়। সেখানে তারা ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন নিজ খরচে। যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের উচ্চপর্যায় থেকে এই পদক্ষেপ নেওয়া হয়। সূূত্র মতে, ‘ড্রিম লাইনার ৭৮৭৯’ বিমানের যাত্রী ধারণক্ষমতা ২৯৮। তবে এসেছেন মাত্র ৪২ জন যাত্রী।
যুক্তরাজ্য থেকে আগত যাত্রীদের সঙ্গে করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকলেও তাদের বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশনা দেওয়া হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। কিন্তু গতকাল লন্ডন থেকে সিলেটে আসা যাত্রীদের অনেকেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যেতে আপত্তি জানিয়ে হট্টগোল করেন। এ সময় কেউ কেউ পুলিশের বাধা অগ্রাহ্য করে বেড়িয়ে পড়তে চান। কেউ কেউ বাইরে এসে সিগারেট খাওয়া নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীদের সঙ্গে খারাপ আচরণ করেন। তাদের মধ্যে অনেকে আবার হোটেলে যেতেও অস্বীকৃতি জানান। ফটো সাংবাদিকরা এ দৃশ্য ধারণ করতে গেলে তাদের উদ্দেশে অনেক প্রবাসী কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এক পর্যায়ে বিমানবন্দর থেকে তাদের বুঝিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সিলেট নগরীর দরগাহ গেটস্থ দুটি হোটেলে নিয়ে আসেন। এ সময় ওসমানী বিমানবন্দরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসবাহ উদ্দিনও উপস্থিত ছিলেন।
অ্যাসোসিয়েশন অব ট্রাভেলস এজেন্টস অব বাংলাদেশ (আটাব) সিলেট অঞ্চলের সাবেক সভাপতি আব্দুল জব্বার জলিল সোমবার সন্ধ্যায় ইত্তেফাককে জানান, তিনিও ঐ সময় সবাইকে বুঝিয়ে হোটেলে নিয়ে এলেও কয়েক জন এখনো প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যেতে চাইছেন না। তিনি বলেন, এমন নিয়ম বহির্বিশ্বেও রয়েছে, যা যাত্রীদের অনুসরণ করতে হবে। তিনি জানান, প্রশাসনের পক্ষ থেকে তাদের স্বাস্থ্যবিধি মোতাবেক কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।
এদিকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নির্দেশনা আসায় এই ফ্লাইটের ১৫২ জন যাত্রী তাদের টিকিট বাতিল করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দীর্ঘ দিন পর দেশে এলেও করোনা পরিস্থিতিতে স্বজনদের সঙ্গে দেখা করতে পারছেন না যাত্রীরা। তবুও স্বজনরা সবার স্বার্থে সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।