রাজধানীর মালিবাগের ফরচুন ফাউন্ডেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ লুটের অভিযোগ করেছে ফরচুন শপিং মল দোকান মালিক সমিতি। জটিলতা নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপিসহ সংশ্লিষ্টদের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগী দোকান মালিকরা। গতকাল সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। এতে উপস্থিত ছিলেন ফরচুন শপিং মল দোকান মালিক সমিতির সভাপতি মুখলেছুর রহমান, হুমায়ুন কবীর, ফরচুন শপিং মল দোকান মালিক সমবায় সমিতির সভাপতি মোখলেসুর রহমান, ফরচুন শপিং মলের পরিচালক আবুল হোসেন মিয়া প্রমুখ।
লিখিত বক্তব্যে জানানো হয়, ফরচুন ফাউন্ডেশন লিমিডেটেডের পরিচালকবৃন্দ অবৈধভাবে ফরচুন শপিং মল দোকান মালিক সমবায় সমিতি নামে একটি কমিটি গঠন করে। এই কমিটির সদস্যরা গত ৬ আগস্ট শপিং মলের সমিতির অফিসে এসে সবাইকে জিম্মি করে ৩ কোটি টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা লকারে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ ৫০ লাখ ৭০ হাজার টাকা লুট করে ও মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে। ঐ চাঁদাবাজদের বিরুদ্ধে আদালতে একটি মামলা করা হয়, যা তদন্তের ভার পিবিআইকে দেওয়া হয়েছে।