পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর, সভামঞ্চে অগ্নিসংযোগ, গুলির ঘটনায় দোষীদের বিচারের দাবিতে বিবদমান দুই গ্রুপ পালটাপালটি সংবাদ সম্মেলন করেছে। সম্মেলনে হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে সোমবার বিকালে পিরোজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন শাঁখারীকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. খালিদ হোসেন সজল।
তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মো. আল আমীন খান এবং নাজিরপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আল আমীন শেখের নেতৃত্বে সম্মেলন স্থলে হামলা ও ভাঙচুর করা হয়। এ সময় হামলাকারীরা গুলি ও বোমা হামলা করে এবং সভামঞ্চে অগ্নিসংযোগ করে। সংবাদ সম্মেলনে মো. আল-আমীন খানকে শিবিরের সাবেক নেতা বলে দাবি করে হামলাকারীদের বিচাবের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে শাঁখারীকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান গাউস, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার নুরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এস এম শহিদুল ইসলাম, ছাত্রলীগের উপজেলা সাবেক সাধারণ সম্পাদক মো. সুমন প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে গতকাল সোমবার সকালে নাজিরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন শাঁখারীকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মো. আল আমীন খান। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন গত রবিবার বিকালে শাঁখারীকাঠীর চালিতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নিজের পরাজয় নিশ্চিত ভেবে ঐ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. খালিদ হোসেন সজল তার ক্যাডারবাহিনী নিয়ে সভামঞ্চে হামলা করেন। এ সময় তারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানারসহ সভামঞ্চে অগ্নিসংযোগ এবং চেয়ার-টেবিল ভাঙচুরসহ নেতাকর্মীদের মারধর করে গুরুতর আহত করেন।