এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমারের (পি কে হালদার) সহকারী শংখ ব্যাপারীকে গ্রেফতার করেছে দুদক। গতকাল সোমবার তাকে গ্রেফতার করে আদালতে হাজির করা হলে আদালত জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে গতকাল দুপুর ১২টার দিকে পি কে হালদারের দুর্নীতির অনুসন্ধানে শংখ ব্যাপারীকে দুদকের উপ-পরিচালক সালাউদ্দিন জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
গতকাল দুপুরে দুদক সচিব ড. মু আনোয়ার হোসেন হাওলাদার বলেন, অনুসন্ধানে বের হয়ে এসেছে, শংখ ব্যাপারী পি কে হালদারের সহযোগী। তার মাধ্যমে পি কে হালদার তার অবৈধ অর্থ বিভিন্ন জায়গায় নিয়েছেন, তার দখলে ফ্ল্যাট পাওয়া গেছে। যেটা পি কে হালদারের অর্থে ক্রয় করা হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পি কে হালদার রিলায়েন্স ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক থাকা অবস্থায় আত্মীয়স্বজনকে দিয়ে ৩৯টি প্রতিষ্ঠান গড়ে তোলেন। এসব প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে থাকা ৮৩ জনের ব্যাংক হিসাবের মাধ্যমে কৌশলে সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাত্ করেন তিনি ও তার সহযোগীরা।