মানবতাবিরোধী অপরাধ মামলার আসামির মৃত্যু

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি মাওলানা আকবর আলীর (৯০) মৃত্যু হয়েছে। রবিবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিত্সকগণ তাকে মৃত ঘোষণা করেন। সোমবার দুপুরে কারাগারের জেলার মো. মাহবুবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহবুবুল ইসলাম জানান, আকবর আলী মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি হিসেবে কেন্দ্রীয় কারাগারে ছিলেন। বার্ধক্যজনিত কারণে রবিবার রাতে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। আকবর আলীর বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ভবেশ উলামাগঞ্জ গ্রামে।

তার ছেলে রফিকুল ইসলাম জানান, তারা দুই ভাই, তিন বোন। উলিপুরের বালাচর নাসিরিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন তার বাবা। মানবতাবিরোধী অপরাধ মামলায় ২০২০ সালের ৮ মার্চ তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন।