আবর্জনায় ভরাট হচ্ছে গৌরীপুর-মলয় খাল

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা

অবৈধ দখল ও আবর্জনায় দাউদকান্দির গৌরীপুর ইউনিয়নের বাজার থেকে মলয় বাজারের দক্ষিণে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ খালটি ভরাট হয়ে গেছে।

স্থানীয়রা জানান, গৌরীপুর বাজারের উত্তর পাশে এই বাজারের ময়লা-আবর্জনা ফেলে এবং প্রভাবশালীরা দখল করে খালের মুখ বন্ধ করে দেওয়ায় খালটি ভরাট হয়ে গেছে। উপজেলার হরিপুরের কৃষক আব্দুল করিম ও কাউছার আহমেদ বলেন, কয়েক বছর আগে এই খালে প্রবল পানি প্রবাহ ছিল এবং স্রোতের তোড়ে পেন্নাই পাকা সেতুর নিচে নৌকা ডুবে যেত। এমনকি আশ্বিন-কার্তিক মাসে এই খালে মাছ ধরার উত্সব হতো। খালের সেচের পানি দিয়ে শত শত মণ ইরি ধান উত্পাদন করা হতো। অথচ এখন খালের তলায় গরু চড়ে। এদিকে খালটি গভীর করে খনন করা হলে এর পানি দিয়ে কয়েক হাজার মণ ইরি ধান উত্পাদন সম্ভব হবে বলে কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়। দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান আবুল হাশেম সরকার বলেন, ব্রিটিশ আমলের সিএস ম্যাপের রেকর্ড অনুযায়ী অবৈধ দখলদারদের উচ্ছেদ করে খাল খননের ব্যবস্থা করা হবে।