জয়পুরহাটে ধর্ষণের মিথ্যা মামলায় বাদীর দণ্ড

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ধর্ষণের মিথ্যা মামলা করায় মামলার বাদীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলী এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, জেলার কালাই উপজেলার বিয়ালা গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে আবুল হাসনাতের বিরুদ্ধে ২০১৪ সালের ২১ এপ্রিল  ধর্ষণের অভিযোগে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে একই গ্রামের নন্দরানী (৩১)। মামলার মঙ্গলবার ধার্য তারিখে বাদী মামলাটি আর চালাবে না এবং মিথ্যাভাবে করা হয়েছে মর্মে আদালতকে জানায়।

এ অবস্থায় আদালত নারী ও শিশু নির্যাতনের মতো গুরুতর বিষয়ে হয়রানিমূলক মামলা দায়ের করায় নন্দরানীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো পাঁচ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।