গোমতীর প্রতিরক্ষা বাঁধে বহুতল ভবন

কুমিল্লার প্রধান নদী গোমতীর প্রতিরক্ষা বাঁধের ভেতর অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ করে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে। কুমিল্লার বিভিন্ন স্থানে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে ভূমিকা নেই পানি উন্নয়ন বোর্ড বা জেলা প্রশাসনের। জাতীয় নদী রক্ষা কমিশনের এক প্রতিবেদনে দেখা গেছে সারা দেশে নদী দখলে কুমিল্লার অবস্থান শীর্ষে। সেখানে জেলায় নদী দখল করে গড়ে ওঠা স্থাপনার সংখ্যা উল্লেখ করা হয়েছে ৫৯০৬টি। নদীটির প্রতিরক্ষা বাঁধের ভেতর দীর্ঘদিন ধরে দখল প্রক্রিয়া চলছে। কোথাও কাঁচা, কোথাও আধাপাকা আবার কোথায় বহুল ভবন নির্মাণ হয়েছে। অথচ জেলা প্রশাসনের দায়িত্বশীল একটি সূত্র নিশ্চিত করেছে নদীর প্রতিরক্ষা বাঁধের ভেতর ব্যক্তি মালিকাধীন কোনো জায়গা বা ভূমি নেই। এ অবস্থায় কিভাবে নদীর তীর ঘেঁষে বহুতল ভবনসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে বাণিজ্যিকভাবে ব্যবহার হচ্ছে, সেটা বোধগম্য নয়। নদী রক্ষায় প্রতিরক্ষা বাঁধের ভেতরের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা জরুরি।

মামশাদ কবীর, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০