স্টাফ রিপোর্টার, রংপুর
মুজিববর্ষ উপলক্ষ্যে রংপুর সিটি করপোরেশনের উদ্যোগে আগামী ১০ জানুয়ারি কালেক্টরেট ক্রিকেট গার্ডেনে শুরু হচ্ছে মেয়র কাপ টি-রংপুর জেলা প্রশাসনের একটি ও সিটি করপোরেশনের সাতটি দল অংশগ্রহণ করবে। গতকাল দুপুরে নগর ভবনের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, রংপুরে এই প্রথম মেয়র কাপ টুর্নামেন্ট হতে যাচ্ছে।’ মেয়র বলেন, আটটি দলে জাতীয় ক্রিকেট দলের এক সময়ের তারকা খেলোয়াড়রা খেলবে।’
হাঁড়িভাঙ্গা কার্টার্স, তিস্তা থানডার্স, ঘাঘট গ্লাডিয়েটর্স, শ্যামা সুন্দরী দ্যা বিউটি, তাজহাট ওয়ারিয়র্স, কেডি ক্যানেল ফাইটার্স, বেগম রোকেয়া পাইওনিয়র এবং চিকলি চ্যালেঞ্জারস নামে আটটি দল অংশ নিচ্ছেন। এরমধ্যে হাঁড়িভাঙ্গায় রয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী তারকা আকবর আলী, তিস্তায় সাজেদুল, ঘাঘটে আলাউদ্দিন বাবু, শ্যামা সুন্দরীতে আরিফুল হক, তাজহাটে রুভেনো, কেডি ক্যানেলে সোহরাওয়ার্দী শুভ, বেগম রোকেয়ায় পাপ্পু এবং চিকলিতে নাসির হোসেন খেলবেন। ১৭ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের আহ্বায়ক ও রসিকের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার রফিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।