প্রগতিশীল ছাত্রজোটের সমাবেশে বক্তারা
বিশ্ববিদ্যালয় রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয় যে লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন তার থেকে দূরে সরে গেছে বলে মন্তব্য করেছে প্রগতিশীল ছাত্রজোট। গতকাল মঙ্গলবার বিকালে জোটের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সমাবেশে এ মন্তব্য করেন জোটের নেতৃবৃন্দ। স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের হল খুলে পরীক্ষা গ্রহণ, করোনাকালীন পরিস্থিতিতে ফি মওকুফ করা এবং টিএসসির মূল কাঠামোর সঙ্গে অসঙ্গতিপূর্ণ কোনো নির্মাণ প্রকল্প না করার দাবিতে এ সমাবেশ করা হয়।
সমাবেশে নেতৃবৃন্দ হল না খুলে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে অগণতান্ত্রিক বলে অভিহিত করেন। তারা প্রতিটি হলে মনিটরিং সেল তৈরি করে সুষ্ঠুভাবে সিট বণ্টনের দাবি এবং টিএসসি ভেঙে ফেলে নতুন করে নির্মাণের নিন্দা জানান। তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষার্থী অনলাইন ক্লাস করতে পারেননি। অনেক শিক্ষার্থীর পর্যাপ্ত সুবিধা নেই ক্লাস করার।
সমাবেশ থেকে আগামীকাল ৭ জানুয়ারি উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এসময় দাবি মানা না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
জোটের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক রাজীব কান্তি রায়ের সভাপতিত্বে সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন-জোটের কেন্দ্রীয় সমন্বয়ক নাসির উদ্দীন প্রিন্স, ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি সাখাওয়াত ফাহাদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী, সদস্য সুহাইল আহমেদ শুভ প্রমুখ।