সাভারে ছিনতাই করে পালানোর সময় আটক ২

ইত্তেফাক রিপোর্ট

সাভারে ছিনতাই করে পালানোর সময় ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। সোমবার রাতে সাভারের শিমুলতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহূত ধারালো ছুরি ও ছিনতাইকৃত নগদ টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো—সাভার পৌরসভার বাড্ডা এলাকার শফি আহমেদের ছেলে রবিউল ইসলাম রুবেল ও ধামরাই উপজেলার আরিফ হোসেনের ছেলে শাকিল হোসেন। এছাড়া সাব্বির নামের অপর এক ছিনতাইকারী পালিয়ে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মালবাহী গাড়ি রাত সাড়ে ১০টার দিকে সাভারের শিমুলতলা এলাকায় পৌঁছলে গাড়ির চালক ও হেলপার চা-খাওয়ার জন্য গাড়ি থেকে রাস্তার পাশে নামেন। এ সময় হেলপার ও চালককে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছে থাকা ৪২ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারী চক্রের তিন সদস্য। এ সময় সংবাদকর্মী সোহেল রানা ছিনতাইয়ের বিষয়টি বুঝতে পেরে টাকা নিয়ে পালানোর সময় ছিনতাইকারীদের ধাওয়া করেন এবং স্থানীয়দের সহায়তায় দুই জনকে আটক করতে সক্ষম হন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুই ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ দুই ছিনতাইকারীর দেহ তল্লাশি করে একটি চাকু ও ২৪ হাজার টাকা উদ্ধার করলেও বাকি টাকা নিয়ে গেছে অপর ছিনতাইকারী সাব্বির।

ভুক্তভোগী গাড়ির চালক রফিক জানান, গাইবান্ধা থেকে পাথর নিয়ে এসে মানিকগঞ্জে আনলোড করে মুন্সীগঞ্জের মুক্তারপুর যাওয়ার পথে সাভারে এসে ছিনতাইয়ের কবলে পড়েন।

সাভার মডেল থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ছিনতাইয়ের শিকার গাড়ির চালকের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে দুই ছিনতাইকারীকে আদালতে পাঠানো হয়েছে। চক্রটির অপর পলাতক সদস্যকে গ্রেফতার এবং টাকা উদ্ধারের চেষ্টা চলছে।