আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি পাবলিক ইউনিভার্সিটির পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটিসমূহকে গবেষণা কাজে অধিকতর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে এশিয়ান ইউনিভার্সিটির রজতজয়ন্তী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
চাকরি করার মানসিকতা ত্যাগ করে, চাকরি দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, তরুণদের উদ্যোক্তা হয়ে ওঠার জন্য সরকার নানামুখী সুযোগ উন্মুক্ত করে রেখেছে। তিনি তারুণ্যের অমিত শক্তি ও সম্ভাবনাকে চাকরির চৌহদ্দিতে বন্দি না করে স্বাধীন পেশা বেছে নেওয়ারও আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, তরুণরাই আগামী দিনের বাংলাদেশ, তরুণরাই বাস্তবায়ন করবে স্বাধীনতার স্বপ্ন। তাদের হাত ধরেই অঙ্কিত হবে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের পথনকশা।
জীবন মানে যুদ্ধ, যে জীবনে যুদ্ধ নেই, চ্যালেঞ্জ নেই, সে জীবন, জীবন নয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, চলার পথে নানান বাধা আসবে, গতি হারাবে ঝড়ে কিন্তু এই সাময়িক ছন্দপতনে থেমে গেলে চলবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অদম্য প্রাণশক্তি দিয়ে। তিনি জয় করেছেন বাংলাদেশের সমান সুনীল সমুদ্রসীমা। সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছেন ব্লু-ইকোনমির।
ওবায়দুল কাদের বলেন, আজকের প্রজন্ম মাদক, সাইবার অপরাধ, আকাশ সংস্কৃতির নেতিবাচক দিকসহ নানান চ্যালেঞ্জের মধ্য দিয়ে বেড়ে উঠছে। ওবায়দুল কাদের তাদের এসব অপরাধ থেকে দূরে থাকারও নির্দেশ দেন। তিনি বলেন, করোনার নতুন ধরনের সংক্রমণ এবং এর গতিপ্রকৃতি বিবেচনা করে ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে সরকার শিগিগরই একটি সিদ্ধান্ত নেবে। এশিয়ান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমেরিটাস অধ্যাপক ড. আবুল হাসান মো. সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. জাফর সাদেক।