২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ৮৫ শতাংশ

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত এক দিনে আরো ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬ জন পুরুষ আর নারী চার জন। ১৪ জন ঢাকা বিভাগের, দুই জন করে মোট চার জন চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের এবং এক জন করে মোট দুই জন খুলনা ও সিলেট বিভাগের বাসিন্দা।

গতকাল মঙ্গলবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়। করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৬৭০ জনে দাঁড়িয়েছে। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত ৯৯১ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ১৭ হাজার ৯২০ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ৯৪৪ হাজার জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৬২ হাজার ৪৫৯ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৪টি আরটি-পিসিআর ল্যাব, ২৬টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৪০টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাত্ সর্বমোট ১৮০টি ল্যাবে ১৪ হাজার ৪৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩২ লাখ ৮৬ হাজার ৮৮৫টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৬ দশমিক ৮৫ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৫ দশমিক ৭৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ২৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ লাখ ৯৯ হাজার ৯৫৬টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৬ লাখ ৮৬ হাজার ৯২৯টি।